
মানি লন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পুলিশের বরখাস্ত পরিদর্শক ফিরোজ কবিরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী সাবরিনা আহাম্মেদকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আজ বুধবার এই রায় ঘোষণা করেন। রায়ে ফিরোজ-সাবরিনা দম্পতিকে ১ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার ৩৮৮ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন এই আদালতে বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, রায় ঘোষণার সময় ফিরোজ-সাবরিনা দম্পতি আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।
মামলার নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে ২০১৭ সালের ৩ অক্টোবর রাজধানীর গুলশান থানায় ফিরোজ-সাবরিনা দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি তদন্তের পর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
রায়ে বলা হয়েছে, ফিরোজ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৮৭ লাখ ১৭ হাজার ১৯৪ টাকা অর্জন করেছেন। তিনি বেতন–ভাতা ও ঋণ নেওয়া ছাড়া তাঁর উপার্জনের আর কোনো বৈধ উৎস দেখাতে পারেননি। অন্যদিকে, ফিরোজের অপরাধলব্ধ অর্থ তাঁর স্ত্রী গ্রহণ করে তিনি মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ করেছেন।
ফিরোজের আইনজীবী শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল ন্যায়বিচার পাননি। তিনি উচ্চ আদালতে যাবেন।
আদালতে দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী রুহুল ইসলাম খান।