
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সমন্বিত নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৩ এপ্রিল ঢাকায় পৌঁছাবে কিউইরা। এই সিরিজ চলাকালীন খেলোয়াড়দের আবাসন, যাতায়াত ও ভেন্যুতে কঠোর নিরাপত্তাব্যবস্থা রাখা হবে।
আজ বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সভায় সভাপতিত্ব করেন।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফররত দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিতে ভেন্যু, অনুশীলন মাঠ, আবাসনস্থল ও যাতায়াত রুটে ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ডিএমপির সোয়াট টিম, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল, ডগ স্কোয়াড ও অপরাধ শনাক্তকরণ দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই আন্তর্জাতিক সিরিজ সুন্দরভাবে সম্পন্ন হবে।
সমন্বয় সভায় সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিসিবি, স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। পরে উপস্থিত প্রতিনিধিরা নিজেদের মতামত দেন।