
এখন থেকে যেসব সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদের জরিমানা করা হবে। পাশাপাশি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে স্থাপনার নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে।
আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়। যদিও সরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যে জরিমানা শুরু হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জরুরি আন্তমন্ত্রণালয় সভাটি আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার সচিব মোহাম্মদ ইবরাহিম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলামসহ অন্যরা। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সভায় যোগ দেন।
এক ঘণ্টার বেশি সময় আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, যেসব নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়া যাবে, তাদের প্রথমে সতর্ক করা হবে। যদি তারা না শোনে, সরকারকে সহযোগিতা না করে, তখন তাদের স্থাপনার কাজ বন্ধ করে দেওয়া হবে। ঢাকার দুই সিটি করপোরেশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এসব সিদ্ধান্তের তথ্য জানান। তিনি বলেন, ‘আপনি যত বড় ক্ষমতাশালী হোন না কেন, অন্যের ক্ষতি করতে পারেন না।’
সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া যাচ্ছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা, যমুনা ওয়েল কোম্পানি, টিসিবি, বিটিএমসির গ্যারেজে ভয়ংকর অবস্থা। এসব প্রতিষ্ঠানে মশার প্রজননকেন্দ্র। তাদের জরিমানা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ৮ জুলাই থেকে এখন পর্যন্ত এক কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।
চট্টগ্রামের মেয়র বলেন, নাছিরাবাদ হাউজিং সোসাইটিতে ১৮ তলা ভবনের ছাদে গিয়ে দেখলাম, পুকুরের মতো। সুইমিংপুল। সেখানে মশার প্রজননকেন্দ্র। বহুতল ভবনে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সরকারি ও আধা সরকারি ও আবাসন প্রতিষ্ঠানে বেশি লার্ভা পাওয়া যাচ্ছে।
কেন রোগীদের হাসপাতালে আসতে উৎসাহিত করেন না?
আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলাম বলেন, ৯০ শতাংশ ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার ৫ থেকে ৬ দিন পর হাসপাতালে ভর্তি হন। এসব রোগী বেশি মারা যান। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কি অপ্রতুল? কেন মাত্র ৫ থেকে ৭ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হন? আপনারা কেন রোগীদের হাসপাতালে আসতে উৎসাহিত করেন না? কেন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগী হাসপাতালে আসেন না?’ এ বিষয়ে চিকিৎসকদের উৎসাহিত করার নির্দেশ দেন তিনি। প্রয়োজনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি হাসপাতালকে সার্বক্ষণিক ডেঙ্গু রোগীর জন্য ব্যবহারের কথাও বলেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক নাজমুল ইসলাম বলেন, যেকোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে সেবা দেওয়া হচ্ছে। অন্য সব হাসপাতালেই ডেঙ্গু রোগী আছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কাজে কোনো ঘাটতি নেই। রোগীদের দ্রুত ভর্তি হতে উৎসাহিত করা হচ্ছে। তবে এটি এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। সবাইকে কাজ করতে হবে।
হাসপাতালের চারপাশে এডিস মশার লার্ভা
সবার আলোচনা শেষে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ার মতো অবস্থা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে। হাসপাতালের চারপাশে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, বেসরকারি ব্যাংকগুলোকে স্মার্ট মনে হয়েছিল। কিন্তু তাদের ভবনেও মশার লার্ভা উৎপাদিত হচ্ছে।
এসএমএস পাঠিয়ে সতর্ক করা হবে
সভায় সিদ্ধান্ত হয়, মুঠোফোন কোম্পানিগুলোর মাধ্যমে এসএমএসে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সতর্কবার্তা দেওয়া হবে। কাজটি সমন্বয় করবে বিটিআরসি। থানায় পুরোনো যানবাহন পরিষ্কার রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হবে। যদি তারা স্কুল পরিষ্কার না রাখে, তাদেরও জরিমানা করা হবে।