
চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সভায় এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। সব কেন্দ্রে ভোট নেওয়া হবে ইভিএম ব্যবহার করে। ভোটকেন্দ্রে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।
এ আসনে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের আফছারুল আমীন। গত শুক্রবার তিনি মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।
আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ছিলেন। ২০০৮ সালে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। তাঁর জন্ম হয়েছিল ১৯৫২ সালের ১ জানুয়ারি।