ঈদ সামনে রেখে অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের নির্দেশ আইজিপির

অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
ছবি: সংগৃহীত

রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ঈদ সামনে রেখে ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের অপরাধবিষয়ক পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এসব নির্দেশনা দেন।

অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন সভায়। তিনি ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার মামলাসংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আইজিপি। তিনি ফিটনেসবিহীন বাস ও লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধকল্পে নিয়মিতভাবে গানচেকিং করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আরও বেশি তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, কেউ যেন ধর্মীয় উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য পুলিশের মনিটরিং জোরদার করতে হবে। এই কাজে বিট অফিসারদের সম্পৃক্ত করতে হবে, যাতে তাঁরা নিজ নিজ এলাকার প্রতিটি ঘটনা সম্পর্কে অবহিত থাকেন। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে। জনগণ জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে প্রতিনিয়ত পুলিশের সেবা পাচ্ছেন। জনগণকে আরও উন্নত সেবা প্রদানের জন্য সচেষ্ট থাকতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সব রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) উপস্থিত ছিলেন।