আরও এক বছর র‌্যাবের মহাপরিচালক পদে থাকছেন এম খুরশীদ হোসেন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন
ছবি: বিজ্ঞপ্তি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) পদে এম খুরশীদ হোসেনকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এম খুরশীদ হোসেনকে র‍্যাবের মহাপরিচালক পদে নতুন মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে।

আগামী ৫ জুন থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন এম খুরশীদ হোসেন।

চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী আগামী ৪ জুন এম খুরশীদ হোসেনের অবসরে যাওয়ার কথা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরও এক বছর তিনি র‍্যাবের মহাপরিচালক পদে থাকবেন।

এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চলতি বছরের ১১ জানুয়ারি থেকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি পুলিশপ্রধানের পদে থাকবেন।