মুঠোফোন কানে রেললাইনে, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খোন্দকার সালাউদ্দিন রাজু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর শাহ আরজু ফ্লাওয়ার মিলসের সহকারী হিসাবরক্ষক খোন্দকার সালাউদ্দিন রাজু (৩৩)। অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবার সকালেও বাসা থেকে বেরিয়ে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। মুঠোফোনে কথা বলতে বলতে পার হচ্ছিলেন রেলক্রসিং এলাকা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডেমু ট্রেন চলে আসে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

আজ সকাল ৯টার দিকে নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজু চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের হাবিব উল্লাহ সওদাগরের ছেলে। রাজু নগরের বায়েজিদ থানার শীতল ঝর্ণা এলাকায় থাকতেন।

ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান নিহত যুবকের কানে মুঠোফোন ছিল। রেললাইনে হাঁটার সময় ডেমু ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে রাজুর মুঠোফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র উদ্ধার এবং পরিবারের কাছে লাশ ও উদ্ধারকৃত মালামাল হস্তান্তর করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর হোসেন।