
ঘূর্ণিঝড় মোখাজনিত কারণে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। তিন হাজারের বেশি রোগীর তিন বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিকল্প ব্যবস্থায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করে গত শনিবার থেকে সেখান রান্নার কাজ চলছে। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ।
ঘূর্ণিঝড় মোখার কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। তখন থেকে চট্টগ্রাম নগরের বাসিন্দারা গ্যাসসংকটে আছেন। গ্যাসের অভাবে সবাই বিকল্প জ্বালানির খোঁজে ব্যস্ত।
একই সংকটে পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষও। তারা তড়িঘড়ি সিলিন্ডারের মজুত বাড়াতে শুরু করে। যদিও জরুরি ব্যবহারের জন্য আগে থেকে কিছু গ্যাস সিলিন্ডার তাদের কাছে মজুত ছিল।
আজ সোমবার সকালে ২ হাজার ২০০ শয্যার হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, সেখানে ৩ হাজার ১৫৭ রোগী ভর্তি আছেন। হাসপাতালে রোগীদের জন্য প্রতিদিন সকালের নাশতাসহ দুপুর ও রাতের খাবার তৈরি করতে হয়। এতে করে হাসপাতালটিতে প্রতিদিন অন্তত ৩০টি গ্যাস সিলিন্ডার লাগছে। ফলে প্রতিদিন ৩৭ হাজার মতো বেশি খরচ হচ্ছে। এ ছাড়া এসব সিলিন্ডারের পরিবহন বাবদও বাড়তি টাকা গুনতে হচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রথম আলোকে বলেন, লাইনের গ্যাসের চাপ কম থাকলে আমরা মাঝেমধ্যে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। তবে এবার একেবারে পুরোপুরি সিলিন্ডার গ্যাস দিয়ে চালাতে হচ্ছে। এতে করে গ্যাসের খরচ ও পরিবহন খরচ—দুই–ই বেড়েছে। এত অর্থ কোথা থেকে আসবে, তা–ও চিন্তার বিষয়।
হাসপাতালে রোগীদের সাপ্তাহিক খাবারের মেনু আগে থেকে ঠিক করা থাকে। আজ সোমবার সকালের নাশতায় রোগীদের ডিম, পাউরুটি, দুধ দেওয়া হয়েছে। দুপুরে ও রাতের জন্য বরাদ্দ ভাত, মুরগি ও সবজি।
দুপুরে ও রাতে খাবার রান্না হয় উল্লেখ করে খাবার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত চমেক হাসপাতালের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, প্রতি বেলায় ১৩টির মতো করে গ্যাস সিলিন্ডার দরকার হয়। প্রতিটি ১২ কেজির সিলিন্ডার। এ ছাড়া নাশতা তৈরির জন্যও কিছু গ্যাস দরকার হয়। ঝড়ের কারণে যখন থেকে গ্যাসসংকট চলছে, তখন থেকেই বিকল্প ব্যবস্থায় খাবার সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার কারণে আগাম সতর্কতা হিসেবে মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রাখা হয়। দুটি টার্মিনালের মাধ্যমে আমদানি করে আনা এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহ করা হয়ে থাকে। এগুলো বন্ধ হয়ে যাওয়ায় পাইপলাইনে গ্যাসের সরবরাহ কমে যায়।
কেজিডিসিএল গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে তাদের আরও ছয় থেকে সাত দিন সময় লাগবে। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।