
দুই বছর পর জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহার। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, হারুন ইজাহার তাঁর বিরুদ্ধে থাকা ২৮টি মামলায় একে একে জামিন পেয়েছেন। এ জন্য সোমবার রাতে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার একটি মাদ্রাসা থেকে হারুন ইজাহারকে গ্রেপ্তার করা হয়েছিল।
২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন ঘিরে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় হাটহাজারী ও পটিয়া থানার ১১টি মামলাসহ মোট ২৮টি মামলায় হারুন ইজাহার কারাগারে ছিলেন।