বক্তব্য দেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক রিড এশলিম্যান
বক্তব্য দেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক রিড এশলিম্যান

সুশাসনই বৃহত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যায়: রিড এশলিম্যান

মানুষের অধিকার রক্ষা বাংলাদেশের সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক রিড এশলিম্যান। তিনি বলেন, সব মানুষের অংশগ্রহণে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাঁর মতে, সুশাসন বৃহত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে।

আজ মঙ্গলবার রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

‘দলিত ও ঋষি সম্প্রদায়ের টেকসই উন্নয়ন রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি আয়োজন করে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মহিবুর রহমান মানিক, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস কর্মসূচির চিফ অব পার্টি কেটি ক্রোকসহ অন্যরা।

গোলটেবিল বৈঠকে দলিত ও ঋষি সম্প্রদায়ের টেকসই উন্নয়নে পাঁচটি সুপারিশ উপস্থাপন করা হয়। সভায় এম এ মান্নান দলিত ও ঋষি সম্প্রদায়ের প্রস্তাবিত সুপারিশগুলোর প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বলেন, তিনি জাতীয় সংসদে এবং পরিকল্পনাবিষয়ক সংসদীয় কমিটির সভায় দলিত ও ঋষি সম্প্রদায়ের অধিকারগুলো উত্থাপন করার ব্যাপারেও সচেষ্ট থাকবেন।

কেটি ক্রোক বলেন, নাগরিক সমাজ ও সরকারের সমন্বিত কাজের মাধ্যমেই প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব।