ঢাবি অধ্যাপক তানজীমকে ছাত্রলীগের ‘হত্যার হুমকির’ প্রতিবাদে ৮ ছাত্রসংগঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে ছাত্রলীগ ‘হত্যার হুমকি’ দিয়েছে বলে অভিযোগ করেছে বামপন্থী আটটি ছাত্রসংগঠনের মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট। তারা বলেছে, ছাত্রলীগ গুজব রটিয়ে বারবার তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এ জন্য যেকোনো ধরনের নোংরামি করতে সংগঠনটি প্রস্তুত।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন গণতান্ত্রিক ছাত্র জোটের শীর্ষ নেতারা। বিবৃতিটি পাঠিয়েছেন জোটের সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক, ছাত্র ইউনিয়নের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের নেতা তাওফিকা প্রিয়া।

এস এম এহসান উল্লাহকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়

গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফেসবুকে আত্মহত্যার ইঙ্গিতমূলক একটি পোস্ট দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রশিক্ষণবিষয়ক উপসম্পাদক এস এম এহসান উল্লাহ। তিনি অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিনের বিরুদ্ধে তাঁর সঙ্গে ‘অন্যায়’ ও ‘অপমানের’ অভিযোগ তোলেন। পরে নিখোঁজ হন এহসান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী একদল নেতা-কর্মী ‘শিক্ষকের অপমানের’ বিচার চেয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘণ্টা দুয়েক উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান করেন।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এহসান ‘উদ্ধার হওয়ার’ পর ওই সময়ের ছবি পোস্ট করে তানভীর হাসান ফেসবুকে লেখেন, ‘আমার ভাইয়ের কিছু হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগেরও রক্তের মূল্য আছে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে। জয় বাংলা।’ সেদিন দিবাগত রাত দুইটার দিকে মাজহারুল ও তানভীর উপাচার্যের বাসভবনের সামনে যান। পরে রাত আড়াইটার দিকে নেতা-কর্মীরা সেখান থেকে চলে যেতে শুরু করেন।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী

এ ঘটনায় আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা বলেন, ‘অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানকে ছাত্রলীগের হত্যার হুমকির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোট নিন্দা ও প্রতিবাদ জানায়। ২ মার্চ দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগ পরিকল্পিতভাবে তানজীমউদ্দিনের বিচার চেয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে। প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় হবে—ছাত্রলীগ নেতাদের এমন বক্তব্য ঘটনার তীব্রতা আরও বাড়িয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এভাবে প্রকাশ্যে কোনো শিক্ষককে জীবননাশের হুমকি দিতে পারেন, সেটা আমাদের ধারণার বাইরে। ছাত্রলীগের এই ঘৃণ্য কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই।’

বিবৃতিতে বলা হয়, ‘তানজীমউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গুটিকয় শিক্ষকের একজন, যিনি সর্বদা শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনের পাশে থেকেছেন এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে সর্বদা সোচ্চার। হলগুলোতে গেস্টরুম-গণরুম প্রথার বিরুদ্ধে তিনি শুরু থেকেই কথা বলে আসছেন। ছাত্রলীগ বরাবরই তানজীমউদ্দিন খানকে অপছন্দের তালিকায় রাখে এবং এবার ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই চেষ্টাকে প্রতিহত করেন এবং এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে সত্যিকারের শিক্ষকের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা ছিলেন এবং আছেন।’

ছাত্রলীগের এ ধরনের ঘটনা নতুন নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গুজব রটিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা বারবার করে। এ জন্য যেকোনো ধরনের নোংরামি করতে তারা প্রস্তুত। এই শক্তিকে রুখে দেওয়ার সময় এখন। এ জন্য বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সব শিক্ষার্থীকে গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে যুক্ত হতে হবে। এই ঘটনা নিয়ে তানজীমউদ্দিন খানকে নতুন করে কোনো হেনস্তার শিকার করা যাবে না। যদি তা করা হয়, তাহলে প্রশাসনের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কঠোর ভূমিকা নেবেন।

ছাত্র অধিকারের নিন্দা

এদিকে গতকাল শুক্রবার এক বিবৃতিতে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ ও সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সম্মানিত শিক্ষককে হেয়প্রতিপন্ন করেছে। একজন নিরপরাধ শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিয়ে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। ছাত্রলীগের এক নেতা ‘প্রয়োজনে রক্ত দিয়ে রক্তের মূল্য আদায় করা হবে’ বলে ফেসবুকে স্ট্যাটাস দেন, যা প্রকারান্তরে প্রাণনাশের হুমকি। একই সঙ্গে তাঁরা তানজীমউদ্দিন খানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।