আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলা

হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ বুধবার এই আদেশ দিয়েছেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। হানিফসহ মামলার চার আসামিই পলাতক।

গত ১০ জুন এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে বলে আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আরও সাক্ষী ও নথিপত্র হাজির করা হয়। নতুন সাক্ষী, নথিপত্রের ওপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আজ যুক্তিতর্ক সমাপ্ত হয়। এরপর আবার মামলাটি যেকোনো দিন রায় ঘোষণার জন্য রাখা হলো।

এই মামলার চার আসামির বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়ায় ছাত্র–জনতার ওপর হামলার নির্দেশদাতা ও সরাসরি অংশগ্রহণের জন্য তাঁদের অভিযুক্ত করা হয়।