ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আজ ঈদের নামাজের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন
ছবি: তথ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

এবারের ঈদযাত্রা অনেক স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, অসাধু ব্যবসায়ীরা আগের মতো এবার দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করেও সেভাবে বাড়াতে পারেননি।

অজ শনিবার সকালে চট্টগ্রামে নিজের গ্রামের বাড়ি সুখবিলাসে ঈদের নামাজ আদায়ের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

আজ সকালে চট্টগ্রামে তাঁর নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় নিজ গ্রাম সুখবিলাসের জামে মসজিদে ঈদের জামাতে উপস্থিত হন তথ্যমন্ত্রী। তিনি নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পবিত্র ঈদুল ফিতরে দেশের অব্যাহত অগ্রযাত্রা ও বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনা করেন তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। হাছান মাহমুদ বলেন, ‘আমাদের সরকারের নানাবিধ ব্যবস্থার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীরা প্রতিবছর রমজান মাসে ঈদ উপলক্ষে যেভাবে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করেন, এবার সেভাবে বাড়াতে পারেননি। এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে। মানুষ অনেক শান্তিপূর্ণভাবে স্বস্তির সঙ্গে ঈদযাত্রা করতে পেরেছে।’

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে মহান স্রষ্টার কাছে ফরিয়াদ হচ্ছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেই সঙ্গে দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, হিংসা এবং ঘৃণার রাজনীতি যেন চিরতরে দূরীভূত হয় এবং আমরা সবাই মিলে যেন দেশের স্বার্থকে সবার ওপরে তুলে ধরতে পারি, সেই প্রার্থনা করি।’