জন্ম থেকে তামান্না আক্তারের দুটি হাত নেই। নেই ডান পা। আছে শুধু বাঁ পা। সেই পা দিয়ে লিখে এইচএসসি পর্যন্ত সব পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। এবার তিনি গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। তামান্না আক্তারের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম।
প্রথম আলো: আপনাকে অভিনন্দন। কেমন লাগছে?
তামান্না আক্তার: সফলতার অনুভূতি অদ্ভুত আনন্দের। সত্যি খুব ভালো লাগছে।
ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়ার খবরটি কীভাবে পেয়েছিলেন?
৪ আগস্ট বিকেলে আমার এক সহপাঠী গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়টি জানান। তখন আমি অনলাইনে আমার ফলটি জানতে পারি।
খবরটি প্রথম কাকে জানিয়েছেন?
তামান্না আক্তার: প্রথমে আম্মুকে জানিয়েছিলাম।
আপনার মা, বাবা ও প্রতিবেশীরা কী বলেছেন?
তামান্না আক্তার: তাঁরা অনেক খুশি। আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছেন।
আপনাকে নিয়ে পত্রিকায় প্রতিবেদন হয়েছে। সেগুলো দেখেছেন? কেউ কিছু বলেছে?
তামান্না আক্তার: সবই আমি দেখেছি। অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছেন।
ভর্তি পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নিতে হয়েছে?
তামান্না আক্তার: ভর্তি পরীক্ষার জন্য আমাকে আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়নি। তবে কিছুদিন আমি একটি কোচিং সেন্টারের সহায়তা নিয়েছি।
উত্তর লিখেছেন কীভাবে? পা দিয়ে লিখে? কোনো অসুবিধা হয়েছিল?
তামান্না আক্তার: আমার জন্ম থেকে দুই হাত ও এক পা নেই। এক পা-ই আমার সম্বল। আমি এক পায়ে লিখেই পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষা দিতে আমার কোনো অসুবিধা হয়নি।
আপনি কেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ভর্তি হতে চান?
তামান্না আক্তার: নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই যবিপ্রবির উপাচার্য স্যার আমার খোঁজখবর নিতেন এবং পড়াশোনার বিষয়ে উদ্বুদ্ধ করতেন। তা ছাড়া আমার অনেক প্রতিবন্ধকতা রয়েছে। বাইরে পড়তে গেলে আমার সঙ্গে সেখানে পুরো পরিবারকে যেতে হবে। এসব কারণেই আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই।
আপনি বলেছেন আপনি মাইক্রোবায়োলজি বিষয়ে পড়তে চান। এ বিষয়ে কেন?
তামান্না আক্তার: শুরু থেকেই আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ বেশি। আমি সব সময় স্টিফেন হকিংকে (ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, যিনি ২১ বছর বয়সে দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হন। এ রোগ ধীরে ধীরে তাঁর শরীরকে পক্ষাঘাতগ্রস্ত করে ফেলে) দেখে অনুপ্রেরণা পেয়েছি। তিনি যদি পারেন, আমি কেন পারব না। মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণী সম্পর্কে
জানা যায়।
পড়ালেখা শেষ করে কী করতে চান?
তামান্না আক্তার: পড়ালেখা শেষ করে আমি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হতে চাই।
সরকারি চাকরি কেন?
তামান্না আক্তার: সরকারি চাকরি করার ইচ্ছা অনেকেরই থাকে। আমার ক্ষেত্রেও এ ইচ্ছা ব্যতিক্রম নয়।
অনেক কষ্ট করে আপনি পড়ালেখা করেছেন। সেই দিনগুলোর কথা কিছু বলবেন?
তামান্না আক্তার: অনেক কষ্ট করে, অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে আজ আমি এ পর্যন্ত এসেছি। প্রতিদিন আমার মা অথবা বাবা আমাকে হুইলচেয়ারে বসিয়ে স্কুল-কলেজে দিয়ে যেতেন। আবার ছুটি শেষে বাড়িতে নিয়ে আসতেন। আমি শরীরে একটা মশা পড়লেও তাড়াতে পারি না। আমার সহপাঠীরা আমাকে সব সময় সহায়তা করেছেন।
পরিবারে কে কে আছেন?
তামান্না আক্তার: পরিবারে আমার মা–বাবা, এক বোন ও এক ভাই আছেন।
প্রথম আলো: এমন কেউ আছেন, যিনি আপনার অনুপ্রেরণা?
তামান্না আক্তার: আমার মা আমার অনুপ্রেরণা। তা ছাড়া আমি স্টিফেন হকিংকে দেখেও অনুপ্রাণিত হয়েছি।