আইএমএফের শর্ত পূরণ করে অর্থনীতিকে স্থিতিশীল রাখাই বাজেটের লক্ষ্য: মেনন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন
ছবি: প্রথম আলো

এবার বাজেটের প্রধান লক্ষ্য থাকবে আইএমএফের শর্ত পূরণ করে অর্থনীতিকে স্থিতিশীল রাখা। একই সঙ্গে মূল্যস্ফীতির নিরিখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। সাধারণ মানুষ বা প্রান্তিক মানুষের কথা কতটুকু থাকবে, তা বলা যায় না। আগামীকাল ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা হবে। বাজেট প্রসঙ্গে এভাবেই বলছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারত্ব, বাজেট ভাবনা এবং বাজেট মনিটরিং’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বাজেট নিয়ে সেমিনার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্মস অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)। এতে সহযোগিতা করে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি)।

মেনন বলেন, তাঁর ধারণা গত বাজেটের তুলনায় এবারের বাজেটে খুব বেশি পরিবর্তন হবে না। তিনি বলেন, সংসদ সদস্যদের মতামত জানার জন্য কোনো প্রাক্‌-বাজেট আলোচনা এখন হয় না। সাধারণত আমলারাই বাজেট তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে তা জাতীয় সংসদে উপস্থাপন করা হয় এবং সংসদ সদস্যরা হাত তুলে বাজেট পাস করেন।

সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেন, বাজেট নিয়ে সংসদে যে আলোচনা হয় তাতে বাজেটবিষয়ক কথাবার্তা থাকে অল্প, এক ঘণ্টার মধ্যে হয়তো তিন-চার মিনিট। অন্য কথাই থাকে বেশি। এবার তো আসন্ন ঈদুল আজহার কারণে অধিবেশনের সময় আরও সংক্ষিপ্ত থাকবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচডিআরসির প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, দেশে সম্পদ, আয়, খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, আবাসনসহ সব ক্ষেত্রেই বৈষম্য ক্রমে বাড়ছে। মজুরি বৃদ্ধির হারের তুলনায় মুনাফা প্রাপ্তির হার বাড়ছে। বহুমাত্রিক দারিদ্র্য বাড়ছে। আগে যাঁরা দরিদ্র ছিলেন না এমন এক নতুন দরিদ্র গোষ্ঠী তৈরি হচ্ছে। গত ২-৩ বছরে ৩ কোটি ৪০ লাখ মানুষ ‘নতুন দরিদ্র’ হয়েছেন। ফুলেফেঁপে উঠছে দুর্বৃত্ত-লুটেরা পরজীবীরা। এসবই এখন নতুন প্রবণতা।  

বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, যেসব মাথাপিছু গড় হিসাব দেওয়া হয় তা সত্যকে আড়াল করে। প্রবৃদ্ধিসংক্রান্ত মাপকাঠিগুলো গভীর কোনো কিছু নির্দেশ করে না। এগুলো কেবল কথার মারপ্যাঁচ। অযৌক্তিক কথাবার্তা।

বৈষম্য কমাতে তিনি বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চার শ্রেণিতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। গবেষণার ভিত্তিতে রচিত এই প্রবন্ধে তিনি উল্লেখ করেন এই চার শ্রেণির মধ্যে আছে ‘পারিবারিক কৃষি’। এই খাতে মোট জনসংখ্যার ৪৭ দশমিক ৬৩ শতাংশ জনগণ। অথচ তারা পায় জাতীয় বরাদ্দের মাত্র ৪ দশমিক ৩৫ শতাংশ।

দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন গ্রামীণ নারীরা। তাঁরা মোট জনসংখ্যার ৪০ দশমিক ৭৭ শতাংশ, কিন্তু তাঁরা পান জাতীয় বরাদ্দের ৫ দশমিক ৭২ শতাংশ। তৃতীয় শ্রেণিতে আছেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অত্যন্ত দরিদ্র প্রান্তিক মানুষ। তাঁদের সঠিক সংখ্যাও বিতর্কিত। এ জন্য তাঁদের আলাদা জনশুমারি হওয়া প্রয়োজন। এখন বলা হচ্ছে, তাঁরা জনসংখ্যার ২ দশমিক ৪৯ শতাংশ। অথচ মোট জাতীয় বরাদ্দের মাত্র ১ দশমিক ৪২ শতাংশ পান তাঁরা।

রাশেদ খান মেনন

চতুর্থ শ্রেণিতে আছেন কৃষি-ভূমি-জালা সংস্কারজনিত জনগোষ্ঠী। তাদের অবস্থা সবচেয়ে খারাপ। তারা মোট জনসংখ্যার ৮২ দশমিক ৭০ শতাংশ, কিন্তু তাদের জন্য বরাদ্দ কত, সেটা কেউ জানে না। বিষয়টি স্পষ্ট নয়, এটা শূন্য দশমিক ৬৪ শতাংশ হতে পারে। এই প্রান্তিক মানুষদের ক্ষেত্রে বাজেটবৈষম্য কমাতে প্রতিবছর বাজেটে অন্তত ১০ শতাংশ করে বৃদ্ধির প্রস্তাব করেন আবুল বারকাত।

কালোটাকা প্রসঙ্গে আবুল বারকাত বলেন, তিনি হিসাব করে দেখেছেন, গত ৫০ বছরে দেশে পুঞ্জীভূত কালোটাকার পরিমাণ ১২২ লাখ কোটি টাকা। এই বিপুল কালোটাকার মাত্র ২ শতাংশ যদি উদ্ধার করা হয়, তার পরিমাণ দাঁড়ায় ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এই টাকায় সাধারণ মানুষের সর্বজনীন পেনশনের টাকার প্রিমিয়ামের জোগান হয়ে যাবে।

এ ছাড়া সাধারণ মানুষের ওপর করের বোঝা কমিয়ে সম্পদের ওপর কর আরোপ ও আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েস বন্ধ করতে কার্যকর উদ্যোগ নিতে পরামর্শ দেন আবুল বারকাত।

পরে মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান শফিক-উজ-জামান। তিনি বলেন, মানুষের মাথাপিছু আয় এবং বাজেটে বরাদ্দ বেড়েছে। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। বৈষম্য বাড়লে শিল্পের সুষম বিকাশ সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল বলেন, বাজেটে নানাভাবে ধনীরা ছাড় পাচ্ছে এবং গরিব মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে মন্তব্য করে মেসবাহ কামাল বলেন, প্রান্তিক মানুষেরা বঞ্চিতই থাকছে।

এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, ‘বাজেট হতে হবে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে। এ জন্য “জাতীয় বাজেট আন্দোলন” গড়ে তুলতে হবে। আমরা সেই প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছি।’

সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন এএলআরডির চেয়ারপারসন ও ‘নিজেরা করি’র সমন্বয়ক খুশী কবির। আলোচনায় আরও অংশ নেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপমা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং আঞ্চলিক পর্যায়ের অংশীজন চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সুনামগঞ্জের বেসরকারি সংস্থা হাউস-এর নির্বাহী পরিচালক সালেহীন শুভ এবং রাজশাহীর বেসরকারি প্রতিষ্ঠান রুলফাও-এর পরিচালক আফজাল হোসেন।