রাজধানীর মহাখালী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রফিকুল ইসলাম মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেণ্টাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মচারী।
আজ শুক্রবার ঢামেক হাসপাতালে রফিকুলের বোন রাশেদা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সোয়া ১০টার দিকে রফিকুল মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একটি গুলি তাঁর বাম ঊরুতে লাগে। কারা, কেন তাঁর ভাইকে গুলি করেছে, তা জানেন না বলে জানান রাশেদা।
রফিকুল মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) স্টাফ কোয়ার্টারে থাকেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারের পর তাঁর ঊরু থেকে একটি গুলি বের করা হয়েছে।