ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে জড়ো হয়েছেন উৎসুক শিক্ষার্থী ও সাংবাদিকেরা। মঙ্গলবার তোলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে পার্কিং করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে জড়ো হয়েছেন উৎসুক শিক্ষার্থী ও সাংবাদিকেরা। মঙ্গলবার তোলা

ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় তৈরি হওয়া আতঙ্কে নির্ধারিত সময়ের আগেই নিজ দেশে ফিরে যাচ্ছেন একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন বুধবার চীনে ফিরে গেছেন এবং ১৩ নভেম্বর বাকি ছয়জনের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল ‘স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল’–এর প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার। সন্ধ্যায় তিনি বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে তাঁদের মতামতও নিয়েছেন।

জানা গেছে, চীনের এই আট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শর্ট কোর্সে অংশ নিতে এসেছিলেন। চলতি নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে তাঁদের কোর্সটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ফলে কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। দেশে ফিরে নিজ বিশ্ববিদ্যালয় থেকেই তাঁরা এই কোর্সের অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন।

স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা সম্পন্ন করে তাঁদের যাওয়ার কথা ছিল। কিন্তু ককটেল বিস্ফোরণজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণেই তাঁরা আগেভাগে চলে যাচ্ছেন। দুজন ইতিমধ্যে চলে গেছেন এবং বাকি ছয়জনও বিমানের টিকিট নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, হলের অন্য বিদেশি শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক হয়েছে। তাঁরা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কোনো সিদ্ধান্ত নিলে তা হল প্রশাসনকে অবহিত করবেন।

প্রাধ্যক্ষ বলেন, ককটেল বিস্ফোরণের দিন ওই বিদেশি শিক্ষার্থীদের মধ্যে দুজন ঘটনাটি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। মূলত এর পর থেকেই তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক কাজ করছিল।

উল্লেখ্য, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ব্যবসায় শিক্ষা অনুষদসহ (এফবিএস) বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করেছে এবং প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়েছে।