
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনটির সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা তৈরি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রেনাটা পিএলসির সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ, খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।
আলোচকেরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটি এবং ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৬০ কোটি ছাড়িয়ে যাবে। ঢাকা শহরেই ডায়াবেটিসে আক্রান্ত রোগী প্রায় ১২ শতাংশ ছুঁয়েছে এবং প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিস এর আগের ধাপ) হার প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশ। গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশে অনেক বেশি।
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেদভুঁড়ির হার বাড়া এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিন দিন বাড়তেই থাকবে বলে বক্তারা সতর্ক করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি, সুমন চৌধুরীসহ সংগঠনের অন্য সদস্যরা।