প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বললেন এরদোয়ান

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি: বাসস/রয়টার্স

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ফোনালাপে এরদোয়ান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতা ১০ মিনিট কথা বলেন। তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

তুরস্কের জনগণ যে সঠিক সিদ্ধান্ত নেবে, তা নিয়ে এরদোয়ানের আত্মবিশ্বাস নির্বাচনের ফলাফলে প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা আনন্দ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে বাংলাদেশের জনগণ অবিচল থাকবে।

নির্বাচনে এরদোয়ানের বিজয়ে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ তুর্কি জনগণের সঙ্গে মানসিকভাবে যুক্ত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট। এ জন্য তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান। দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এরদোয়ান ও তাঁর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। তুরস্কের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।