ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

নাশকতার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ২ জন রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী এবং এক মাইক্রোবাসচালককে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানভীর নাছিফ ও চালক রুবেল মিয়া। ফারহান ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলে থাকেন। মামলার ভাষ্য, ফারহান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনমথ হালদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২ মে ভোরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী সমবেত হন। তাঁরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দিচ্ছিলেন এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছিলেন।

খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ নাছিফ ও রুবেলকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন শাহবাগ থানার এসআই মো. মাইনুল ইসলাম।

মামলার এজাহার অনুযায়ী, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করলেও ফারহান তানভীর নাছিফ নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।