দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে অপহৃত বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করা হয়।
আজ বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে দক্ষিণ সুদানে শান্তিরক্ষী হিসেবে কর্তব্যরত এসআই আশেকুর রহমানকে অপহরণ করে একটি গোষ্ঠী। কিছুক্ষণ পরে মিশন কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আশেকুর রহমান দক্ষিণ সুদানে ইনডিভিজুয়্যাল পুলিশ কর্মকর্তা (আইপিও) হিসেবে শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। তিনি দেশটির মালাকাল শহরে নিয়মিত নিরাপত্তা টহলে ছিলেন। তিনি সুস্থ আছেন।