
এবারের ঈদযাত্রায় ট্রেনে প্রতিদিন প্রায় ৭৫ হাজার যাত্রী ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কামরুল আহসান। তিনি বলেন, আগামী ঈদে (ঈদুল ফিতরে) ট্রেনে যাত্রী পরিবহনের সক্ষমতা দেড়গুণ বাড়ানো হবে।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ বুধবার বিকেলে ঈদযাত্রার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে রেলওয়ের ডিজি এ কথা জানান। গত সোমবার থেকে এবারের ঈদযাত্রা শুরু হয়েছে। আজ ছিল ঈদযাত্রার তৃতীয় দিন।
কামরুল আহসান বলেন, আন্তনগর ট্রেনে প্রতিদিন প্রায় ৩০ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। দাঁড়িয়ে যাত্রার বা আসনবিহীন টিকিটে আরও প্রায় সাড়ে সাত হাজার যাত্রী পরিবহন করা হচ্ছে। এ ছাড়া লোকাল, মেইল ও কমিউটার ট্রেন মিলিয়ে আরও প্রায় ৩০ থেকে ৩৫ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। সব মিলিয়ে দৈনিক প্রায় ৭৫ হাজার যাত্রীকে স্বাচ্ছন্দ্যে নেওয়া সম্ভব হচ্ছে।
রেলের কর্মকর্তারা জানান, ঢাকা থেকে প্রতিদিন ৫২টি ট্রেন যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। এর মধ্যে আন্তনগর ট্রেন আছে ৩৭টি। বাকি ১৫টি ট্রেন মেইল, লোকাল ও কমিউটার। আর ঈদ উপলক্ষে তিনটি বিশেষ ট্রেন চলছে।
ট্রেনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে রেলের মহাপরিচালক বলেন, ঈদযাত্রার এই তিন দিনে ট্রেনে যাত্রার যে পরিবর্তিত ব্যবস্থাপনা, তা সার্বিকভাবে সন্তোষজনক। টিকিটধারী যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় নেই। যেসব যাত্রীরা আসছেন, ট্রেনে ভালোভাবে উঠতে পারছেন এবং ট্রেনও সময়মতো ছাড়ছে। তেমন কোনো সমস্যা হচ্ছে না।
কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর বিমানবন্দর ও জয়দেবপুর রেলস্টেশন থেকে টিকিটবিহীন যাত্রীরা ট্রেনে ভ্রমণ করছেন, যাত্রীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেলের মহাপরিচালক বলেন, ‘আপনারা এটা অনুমান করছেন। আমি মাত্র বিমানবন্দর থেকে এসেছি। সেখানে কমলাপুরের চেয়েও যাত্রী অনেক কম।’
রেলের মহাপরিচালক বলেন, আগামী ঈদে (ঈদুল ফিতরে) ট্রেনে যাত্রী পরিবহনের সক্ষমতা দেড়গুণ বাড়ানো হবে। তিনি বলেন, মিটারগেজ ও ডুয়েলগেজ মিলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ পুরোপুরি ডাবল লাইন হয়ে যাবে। আখাউড়া-লাকসাম প্রকল্প জুলাই নাগাদ উদ্বোধন করা হবে। আগস্টে খুলনা-মোংলা প্রকল্প উদ্বোধন করা হবে। সেপ্টেম্বরের মধ্যে কক্সবাজার ও ভাঙ্গা থেকে ঢাকার রেলপথ উদ্বোধনের চেষ্টা চলছে। তখন সময়মতো আরও বেশি যাত্রীসেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, সকালের তুলনায় বিকেলে স্টেশনের ভেতরে ভিড় কিছুটা বেড়েছে। আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারের সামনেও দাঁড়িয়ে যাত্রার টিকিট পেতে যাত্রীর দীর্ঘ সারি দেখা গেছে। তবে সকালের মতোই বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টার মধ্যে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর বগির ভেতরে দাঁড়ানো যাত্রীর ভিড় ছিল না।