বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়তে এগিয়ে আসতে হবে তরুণদের

বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে ‘তারুণ্যের উৎসব’ শিরোনামে উৎসবের আয়োজন করা হয়
ছবি: সংগৃহীত

নারীর মানবাধিকার আন্দোলন মানবতার আন্দোলনেরই একটি অংশ। এই আন্দোলন তরুণ প্রজন্মের সামাজিক-সাস্কৃতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই নারী আন্দোলনকে সামাজিক শক্তি হিসেবে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ মহিলা পরিষদের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে এসেছে।

শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হয় ‘তারুণ্যের উৎসব’ শিরোনামে এ উৎসব। ‘কুসংস্কার বৈষম্যের চাই পরিত্রাণ, গাই মানবতার গান’—স্লোগান নিয়ে আয়োজিত তারুণ্যের উৎসবের সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম।

ফওজিয়া মোসলেম বলেন, আজকের নারী আন্দোলন এ দেশের তরুণ প্রজন্মের সামাজিক-সাস্কৃতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নারীর মানবাধিকার আন্দোলন, যা কিনা মানবতার আন্দোলনেরই একটি অংশ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘যে কুসংস্কার বৈষম্য বাড়িয়ে দেয়, মানবতাকে পদদলিত করে—সেই কুসংস্কার থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকের তরুণেরা আগামী দিনের করণীয় নির্ধারণ করবে, দেশ ও সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিকশিত করে মানবিক সমাজ গঠন করবে।’
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।

তারুণ্যের এই উৎসব বাংলাদেশের নারী অধিকার আদায়ের অন্যতম পথরেখা-নির্মাতা ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী লীলা রায়ের প্রতি উৎসর্গ করা হয়েছে। মানবমুক্তি ও নারীমুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘দিপালী সংঘ’র প্রতিষ্ঠাতা ছিলেন লীলা রায়। এ বছর এই সংঘের প্রতিষ্ঠা-শতবার্ষিকী। অনুষ্ঠানে লীলা রায়ের জীবনী পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।

উৎসবে তরুণ প্রজন্মের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। বহ্নিশিখা, স্পর্শ, নৃত্যনন্দন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, বহ্নিশিখা গ্রীন ভয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ আয়োজনে অংশ নেয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান। অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের নেতারা, ঢাকা মহানগরের বিভিন্ন পাড়া শাখার কর্মী-সদস্যসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

১৯৭০ সালের ৪ এপ্রিল কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির জন্ম হয়েছিল নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও নারী-পুরুষের সমতাপূর্ণ রাষ্ট্র ও সমাজ নির্মাণের প্রত্যয় নিয়ে। এ আন্দোলন শুধু নারীর জন্য আন্দোলন নয়, এটি সার্বিকভাবে সমাজ ও রাষ্ট্রের রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অগ্রগতির আন্দোলন।