
প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা ৮ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে ওই দিন বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
১৪ জুলাই হাইকোর্ট কুতুবকে ছয় মাসের জামিন দেন। বিচারিক আদালতের দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে আপিল করে জামিন চেয়ে কুতুবের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেন। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে ১৮ জুলাই আপিল বিভাগে আবেদন করে দুদক, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।
আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং কুতুবের পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, জামিন স্থগিত হওয়ায় কুতুব উদ্দিনকে কারাগারেই থাকতে হচ্ছে।
আইনজীবীর তথ্যমতে, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে বরাদ্দের অভিযোগে ২০১৮ সালে রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া রায়ে কতুবের পাঁচ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে গত ১০ মার্চ কুতুব হাইকোর্টে আপিল করেন। ১৬ মার্চ হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এরপর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন কুতুব।