বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।
ফলে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের গঠিত অ্যাডহক কমিটি যথারীতি কাজ চালাতে পারবে এবং বিসিবির নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী মাহিন এম রহমান।
এর আগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে আমিনুল ইসলাম, ফারুক আহমেদ ও আরও ১০ জন রিটটি করেন। রিটে আমিনুল ইসলাম বিসিবির তৎকালীন সভাপতি, ফারুক আহমেদ সহসভাপতি ও অপর ১০ জন নিজেদের পরিচালক বলে উল্লেখ করেন।
রিটে পরিচালক উল্লেখ করা ১০ আবেদনকারী হলেন আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমূল আবেদীন, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।
রিটটি ১৮ মে আদালতের কার্যতালিকায় ওঠে। সেদিন রিট আবেদনকারীপক্ষের আইনজীবী বিষয়টি উত্থাপন করলে আদালত আজ শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী মোকাররামুছ সাকলান ও জহির উদ্দিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে ছিলেন।
পরে আইনজীবী মোকাররামুছ সাকলান প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি অন্য বেঞ্চে উপস্থাপনের স্বাধীনতা দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। হাইকোর্টের অন্য বেঞ্চে রিটটি উপস্থাপন করা হবে।
রিটের প্রার্থনায় দেখা যায়, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত এবং সে অনুসারে গৃহীত সব কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয় রিটে।
তামিম ইকবালকে প্রধান করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান আছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু।
কমিটিতে আরও আছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে থাকা তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাঁদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান।
একই অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের সাত আইনজীবী গত ৩০ এপ্রিল একটি রিট করেছিলেন। শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১১ মে রিটটি সরাসরি খারিজ করে দেন।