ধর্ষণ মামলায় অব্যাহতি পেলেন সাবেক সংসদ সদস্য আজিজুল হক

ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আসগর।

আলী আসগর প্রথম আলোকে বলেন, ধর্ষণের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে ভুক্তভোগী নারী আদালতে লিখিতভাবে বলেছেন, আসামি মামলা থেকে অব্যাহতি পেলে তাঁর কোনো আপত্তি থাকবে না। তাঁদের মধ্যে বিয়ে নিবন্ধিত হয়েছে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত খন্দকার আজিজুল হককে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

ধর্ষণের মামলায় গত ২২ ফেব্রুয়ারি খন্দকার আজিজুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আর জামিন পান ১৩ মার্চ।

আজিজুল হক সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মামলা ও আদালতের নথিপত্রের তথ্য বলছে, আজিজুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে গত বছরের ১৯ এপ্রিল আদালতে নালিশি মামলা করেন এক নারী। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দেন আদালত। মামলাটি তদন্ত করে গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।

পিবিআইয়ের অভিযোগপত্রে বলা হয়, মামলার বাদীর সঙ্গে ২০০১ সালে আজিজুল হকের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার বাদীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করেন আসামি। বাদী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একটি সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর বাদীর সঙ্গে আসামি যোগাযোগ কমিয়ে দেন। পরবর্তী সময়ে ভরণপোষণও বন্ধ করে দেন আসামি। তিনি সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন। আদালতের আদেশ অনুযায়ী, আজিজুল হকের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ প্রতিবেদন অনুযায়ী, সন্তানের জৈবিক পিতা আজিজুল হক।