চট্টগ্রামে ইয়াবা উদ্ধার মামলায় দুজনের ৫ বছর করে কারাদণ্ড

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামে পাঁচ বছর আগে ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলায় দুজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন ফরিদ মিয়া ও মোহাম্মদ আবদুল্লাহ। তবে তাঁরা জামিনে গিয়ে পলাতক আছেন।

আজ মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তিনি জানান, কারাদণ্ড পাওয়া দুই আসামি দুই বছর আগে জামিন পান।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস মোড় থেকে ফরিদ মিয়া ও মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্টোর কর্মকর্তারা। তাঁদের কাছ থেকে ৩ হাজার ৮৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।

২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়।

পাঁচজনের সাক্ষ্য শেষে আদালত আজ দুই আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ডের এ রায় দিলেন।