
জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও)’ সংশোধনী প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে ওঠার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রাশেদা সুলতানা জানান, নির্বাচন কমিশন (ইসি) যেসব সংশোধনী প্রস্তাব করেছিল, তা সবই রয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বিদ্যমান আরপিওতে কিছু ক্ষেত্রে সংশোধনী আনার প্রস্তাব তৈরি করে গত বছরের অক্টোবরে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ইসি। যেসব সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে, সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো—ফলাফল প্রকাশের পরও অনিয়ম প্রমাণিত হলে নির্বাচন বাতিল করার ক্ষমতা, প্রার্থীর এজেন্টদের ভয়ভীতি দেখালে বা কেন্দ্রে যেতে বাধা দিলে শাস্তির বিধান, দলের সর্বস্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব রাখতে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া, দায়িত্বে অবহেলায় কর্মকর্তাদের শাস্তির আওতা বাড়ানো, প্রার্থীদের আয়কর সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা, ভোট গণনার বিবরণী প্রার্থী ও তাঁর এজেন্টদের দেওয়া বাধ্যতামূলক করা, মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত খেলাপি বিল (বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি) পরিশোধের সুযোগ দেওয়া, রাজনৈতিক দলের সংশোধিত গঠনতন্ত্র ৩০ দিনের মধ্যে ইসিতে জমা দেওয়া ইত্যাদি।
আইন মন্ত্রণালয় এসব প্রস্তাব ভেটিং (পরীক্ষা) করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। আজ এ বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ২৮ মার্চ মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সভায় ইসির প্রস্তাবগুলো উঠবে। ইসি যা প্রস্তাব করেছে, তা সব আছে। মন্ত্রিসভায় অনুমোদন পেলে এগুলো জাতীয় সংসদে পাঠানো হবে। সংসদে পাসের সময় ইসির প্রস্তাবনায় সংযোজন-বিয়োজন হতে পারে।
নির্বাচন কমিশনার বলেন, এ বছরের শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের কথা রয়েছে। তাঁরা অনেক বিষয় চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছেন। ভোটারদের যাতে বাধা না দেওয়া হয়, সেই বিষয়ও রয়েছে। অনিয়ম নজরে এলে ফলাফল প্রকাশের পরও নির্বাচন বন্ধ করার ক্ষমতা যেন ইসির থাকে, সেই প্রস্তাবও আছে।