ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা স্বাধীন সাংবাদিকতার হুমকি: ডিএসইসি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মন্তব্য করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। অবিলম্বে এই আইনের ব্যবহার বন্ধ এবং সংবাদপত্র ও সাংবাদিকতার স্বাধীনতা হরণ করে, এমন ধারাগুলো বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে মধ্যরাতে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর আদালতে হাজির ও কারাগারে পাঠানো এবং তাঁর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার নিন্দা ও প্রতিবাদ জানায় ডিএসইসি।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, আইনমন্ত্রীসহ সরকারের বিভিন্ন স্তর থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে গ্রেপ্তার না করে অভিযোগ যাচাই করার জন্য নির্ধারিত সেলে পাঠানো হবে। অথচ এই ক্ষেত্রে সে আশ্বাসের কেবল বরখেলাপই হলো না, বরং ডিজিটাল নিরাপত্তা আইনকে নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করার আরেকটি উদাহরণ তৈরি হলো।

প্রথম আলোর প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত হলে তার প্রতিকারের জন্য প্রেস কাউন্সিলের আইনি ও প্রাতিষ্ঠানিক বিধান রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সে পথ অনুসরণ না করে ডিজিটাল নিরাপত্তা আইনের এমন ব্যবহার, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতা নিয়ে দেশি-বিদেশি মহলের অভিযোগকেই প্রকারান্তরে বৈধতা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলমের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

এ ধরনের ঘটনা সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার পাশাপাশি বহির্বিশ্বেও দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংগঠনের পক্ষে গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন সংগঠনটির কোষাধ্যক্ষ কবীর আলমগীর।