স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামে ছয় বছর আগে স্ত্রীকে হত্যার ঘটনায় মো. সজীব নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন।

আদালতের পেশকার ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ অক্টোবর রাতে নগরের ডবলমুরিং থানার মৌলভীবাজার এলাকার একটি বাসায় স্ত্রী সোহানা আক্তারকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে পালান স্বামী সোহাগ। এ ঘটনায় সোহানার বাবা আবদুল কুদ্দুস থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৮ জানুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। একই বছর ২২ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।