
চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বৃদ্ধির প্রতিবাদ আন্দোলনে পরিচিত মুখ হয়ে ওঠা মো. মুস্তাকিম তাঁর স্ত্রীর করা যৌতুকের মামলা থেকে জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
মুস্তাকিমের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, স্ত্রী হাবিবা আক্তারকে মারধর ও যৌতুক দাবির অভিযোগে করা মামলায় গত সোমবার আদালত তাঁর (মুস্তাকিম) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত মুস্তাকিমের জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের অক্টোবরে মুস্তাকিমের সঙ্গে হাবিবার বিয়ে হয়। বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছেন মুস্তাকিম। গত ১১ জুন স্ত্রীকে টাকা আনতে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এর পাঁচ দিন পর ১৭ জুন স্ত্রীর বাড়িতে গিয়ে আবারও যৌতুকের টাকা দাবি করেন মুস্তাকিম। দিতে না পারায় স্ত্রীকে মারধর করতে থাকেন। পরে গত সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাবিবা মুস্তাকিমের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।
মুস্তাকিমের মা নাসরিন আক্তারের (৫৫) দুটি কিডনিই বিকল। সপ্তাহে ডায়ালাইসিস করাতে হয় তিনবার। গত ১০ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হন মুস্তাকিম। পাঁচ দিন পর জামিনে মুক্তি পান তিনি।
এরপর ২০ ফেব্রুয়ারি নগরের পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদারসহ দুই পুলিশের বিরুদ্ধে থানায় নির্যাতনের অভিযোগে মামলা করেন মুস্তাকিম। পরে তদন্ত শেষে সিআইডি এই মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।