
জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষি খাতের জন্য বরাদ্দের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের নেতারা। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকার নিজেদের কৃষিবান্ধব দাবি করলেও কৃষি খাতে বরাদ্দ আগের চেয়ে কমেছে। মুদ্রাস্ফীতি বিবেচনা করলে তা আরও কমবে। একদিকে সার, ডিজেল, সেচসহ কৃষি উপকরণের দাম বাড়ছে; অপর দিকে কৃষক উৎপাদিত ফসলের দাম না পেয়ে সর্বস্বান্ত হচ্ছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটে (২০২৩-২৪ অর্থবছর) কৃষি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৫ হাজার ৩৭৪ কোটি টাকা। যা মোট বাজেটের ৪ দশমিক ৬৪ শতাংশ। এ খাতে চলতি অর্থবছরে (২০২২-২৩) বরাদ্দ ছিল ৩৩ হাজার ৬৯৮ কোটি টাকা। যা মোট বাজেটের ৪ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ টাকার অঙ্কে বাড়লেও খাতওয়ারি বরাদ্দের হিসাবে এবারের বাজেটে কৃষি খাতে বরাদ্দ আগের চেয়ে কমেছে।
এদিকে বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, প্রস্তাবিত বাজেটে অনুৎপাদনশীল খাতে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে। অথচ মানুষের খাদ্যনিরাপত্তা দিচ্ছে যে কৃষি খাত, সে খাতে আগের তুলনায় বরাদ্দ আরও কমেছে।
ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে কৃষক, খেতমজুর, ভূমিহীনসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের কাজ ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনটি রেশন চালুর দাবি জানিয়ে আসছে। কিন্তু বাজেটে এ খাতে কোনো বরাদ্দ নেই। সামাজিক সুরক্ষা খাতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তার অধিকাংশই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের জন্য ব্যয় করা হয়।