পুরুষের চেয়ে নারী বেশি। আবার কর্মক্ষমের দিক থেকেও নারী বেশি। তবু শ্রমবাজারে নারীর অংশগ্রহণ কম।
দেশে সর্বশেষ জনশুমারি ও গৃহগণনা অনুসারে পুরুষের চেয়ে নারীর সংখ্যা ১৬ লাখ ৩৪ হাজারের বেশি। আবার কর্মক্ষম হিসেবে ১৫ থেকে ৫৯ বছর বা ২৫ থেকে ৫৯ বছর বয়সী নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে এর কোনো প্রতিফলন নেই। শ্রমে পুরুষের তুলনায় নারীর অংশগ্রহণ এখনো অনেক কম। শহরে অসমতার হার আরও বেড়েছে।
জনসংখ্যাবিদ ও অর্থনীতিবিদদের মতে, কর্মদক্ষ নারীদের যতটা শ্রমশক্তিতে থাকার কথা, ততটা নেই। পড়াশোনার মাঝপথে বিয়ে বা বাল্যবিবাহের শিকার মেয়েদের অনেকে শ্রমশক্তির বাইরে থেকে যায়। শহরে অনেক নারী সামাজিক ও পারিবারিক কারণে শ্রম থেকে ঝরে পড়ছেন। অন্যদিকে গ্রামে কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লেও বেশির ভাগ ক্ষেত্রে কাজের মজুরি থাকে না। ফলে তাঁদের অংশগ্রহণ অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয় না।
শ্রমে অসমতার এই অবস্থায় ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য নিয়ে আজ ১১ জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
গত ২০ জুন বৈশ্বিক জেন্ডার বৈষম্য নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে লিঙ্গভিত্তিক অসমতা এখনো প্রায় ২৮ শতাংশ। সবচেয়ে বেশি বৈষম্য অর্থনীতি ও রাজনীতিতে। অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য এখনো ৫৬ শতাংশ। এ ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। রাজনৈতিক ক্ষমতায়নে নারী-পুরুষের বৈষম্য ৪৫ শতাংশ।
২৫ বছরের বেশি সময় বিভিন্ন ব্যাংকে চাকরি করেন শামীম আরা খানম। একটি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় ২০১৮ সালে পারিবারিক কারণে চাকরি ছাড়েন। ৭ জুলাই প্রথম আলোকে তিনি বলেন, চাকরি ছাড়ার সময় বেশ মন খারাপ লাগছিল। তবে সন্তানদের ভালোর জন্য চাকরি ছেড়েছেন, সেটা ভেবে নিজেকে সান্ত্বনা দেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২২ অনুসারে, ২০১৬-১৭ প্রতিবেদনের সঙ্গে তুলনা করলে দেখা যায়, শ্রমবাজারে নারী-পুরুষ অসমতা কিছুটা কমলেও এখনো তা ৩৭ শতাংশের বেশি। গ্রামে নারীর শ্রমে অংশগ্রহণ প্রায় ১১ শতাংশ বেড়েছে। ফলে গ্রামে নারী-পুরুষের অসমতার ব্যবধান কমে দাঁড়িয়েছে ২৯ শতাংশে। আর শহরে নারীর অংশগ্রহণ প্রায় ৮ শতাংশ কমে অসমতা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মি প্রথম আলোকে বলেন, নারীশিক্ষায় বিনিয়োগ বাড়ানোর অন্যতম লক্ষ্যই ছিল নারীর দক্ষতা বাড়ানো ও কর্মশক্তিতে নিয়োগ। গত সাত বছরে কর্মক্ষেত্রে যে বয়সসীমার নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের কথা ছিল, সে অনুযায়ী সংখ্যা বাড়েনি। তাঁদের দক্ষতা নির্মাণে সরকারি ও সামাজিক যে ব্যয় হয়েছে, তার প্রতিদান অর্থনীতিতে পাওয়া যাচ্ছে না।
অর্থনীতিবিদ শারমিন্দ নিলোর্মির মতে, প্রাতিষ্ঠানিক শ্রমে যুক্ত করে নারীর জন্য কর্মসহায়ক পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।
সহায়ক পরিবেশের গুরুত্ব কতটা, তা বোঝা যায় নারী উদ্যোক্তা তাইরিন সুলতানা (২৮) ও মারিয়া আক্তারের (৩০) ঘটনা থেকে।
৭ জুলাই প্রথম আলোকে তাইরিন বলেন, করোনার আগে সাজগোজ নামে ত্বক ও চুলের যত্নে হারবাল পণ্যের ব্যবসা শুরু করেন। তিন মাসের মধ্যে তিনি নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম উই-এর ‘লাখোপতি’ উদ্যোক্তা হন। করোনার সময়ে স্বামীর চাকরির প্রয়োজনে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যান। সেখানে কাঁচামালের অভাবে ব্যবসাটা আর ধরে রাখতে পারেননি।
মারিয়া বলেন, ২০১৯ সালে পিউর পার্ক বিডি নাম দিয়ে শিশুদের তৈরি খাবার বিপণনের ব্যবসায় নামেন। গত বছরের জুনে স্বামী মাকসুদুল হাসানের আকস্মিক মৃত্যুর পর তিনি দুই শিশু নিয়ে মায়ের বাড়ি ফরিদপুরে চলে যান। সেখান থেকে পণ্য পৌঁছাতে দ্বিগুণ টাকা দিতে হয় বলে ঢাকার ক্রেতারা আগের মতো নিচ্ছেন না।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য, শিক্ষা ও উদ্বুদ্ধকরণ (আইইএম) বিভাগের পরিচালক আবদুল লতিফ মোল্লা বলেন, সরকার নারীর ক্ষমতায়নের ক্ষেত্র প্রস্তুত করতে কাজ করছে। বাল্যবিবাহ ও অস্ত্রোপচারে শিশুজন্ম কমানো এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ইসমত আরা বেগম ২০২০ সালের ডিসেম্বরে ‘পুটিং উইমেন ইন দ্য সেন্টার অব অ্যাগ্রিকালচার’ শিরোনামে এক গবেষণাপত্রে বলেন, গত ২৫ বছরে কৃষিতে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। তবে মাত্র ১৫ শতাংশ নারী মজুরি পান।
জাতিসংঘের জনসংখ্যা তহবিলের বাংলাদেশ কার্যালয়ের জনসংখ্যাবিষয়ক পরিকল্পনা ও গবেষণা বিভাগের প্রধান এম শহীদুল ইসলাম বলেন, কৃষিক্ষেত্রে কম মূল্যায়নের কাজে নারীর অংশগ্রহণ বেশি। অসমতা কমাতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে শিল্প ও সেবা খাতে। নারীর অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে লিঙ্গভিত্তিক অসমতার দুষ্টচক্র থেকে বের হওয়া যাবে না।