
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।
পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে আজ পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান রাষ্ট্রপ্রধান। সেখানে বঙ্গবন্ধুর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল অনুষ্ঠানে বিউগলের সুরে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করে।
মোনাজাতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের অন্য শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। সমাধি প্রাঙ্গণে দর্শনার্থী বইয়ে তিনি স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রপতির পরিবারের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টায় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির গাড়িবহর যাত্রা শুরু করে দুপুর ১২টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছালে কর্নেল (অব.) ফারুক খান, শেখ সালাহউদ্দিন জুয়েল, শেখ হেলাল উদ্দিন এবং শেখ সারহান নাসের তন্ময় ও স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকট আত্মীয়, রাষ্ট্রপতির সচিবগণ এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তাঁর সফরসঙ্গী ছিলেন। টুঙ্গিপাড়া যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রাবিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।