
দুর্নীতি রোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ–বক্তৃতা হলফনামা আকারে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয় এবং আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালককে ৩০ দিনের মধ্যে এগুলো দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, অডিও–ভিডিও থাকলে তা–ও দাখিল করতে হবে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ–বক্তৃতা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সিলেবাসে (পাঠ্যসূচি) অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচিব, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কার্যধারা (অনুসন্ধান, তদন্ত ও মামলা ইত্যাদি) পরিচালনার সময় বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ-বক্তৃতার চেতনা মাথায় রাখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ৪ জুন দিন রেখেছেন আদালত।
এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ও দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।
এর আগে দুর্নীতিসংক্রান্ত মামলা শুনানির সময় দুদকের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, যদি বাস্তবিক অর্থে দুর্নীতি বন্ধ করতে চান, তাহলে তিনটি বিষয় মানতে হবে। সিস্টেম ডেভেলপ (পদ্ধতির উন্নয়ন) করতে হবে। অবশ্যই আইন অনুসরণ করতে হবে। জনগণের প্রতি অবশ্যই জবাবদিহি থাকতে হবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আইনি প্রক্রিয়ায় অনেক সময়ে চলে যাচ্ছে। আদালত বলেন, একজন নোবেল বিজয়ী বলেছেন, এশিয়ার দেশগুলোয় দুর্নীতি বন্ধ হয় না, কারণ তারা খুব নমনীয়। তাই এই নমনীয়তা বন্ধ করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হলে কঠোর অবস্থানে (হার্ডলাইনে) যেতে হবে।
কেবল রায় ও আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না উল্লেখ করে আদালত বলেন, আগে নিজেকে আইন-বিধি মানতে হবে। অনুসন্ধান ও তদন্ত করতে যদি ১০ বছর লেগে যায়, তাহলে কখন বিচার হবে? নিজেরও পরিষ্কার থাকতে হবে।
সবাই মিলে কাজ করতে হবে উল্লেখ করে আদালত বলেন, এটা পুরো একটি টিম ওয়ার্ক। বিচ্ছিন্নভাবে সম্ভব নয়। দেশপ্রেম থাকতে হবে। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স—ইতিমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। সবাইকে এগিয়ে আসতে হবে।
আদালত বলেন, ‘কানাডায় কারা কারা বাড়ি করেছেন এবং সুইস ব্যাংকে কারা টাকা রেখেছেন—এসব বিষয়ে আদেশ দেওয়া হয়েছে। কী হবে আদেশ যদি বাস্তবায়ন না করেন?’ তখন খুরশীদ আলম খান বলেন, বাস্তবায়িত হচ্ছে, বিষয়গুলো প্রক্রিয়াধীন।