প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম পাহাড়তলী থানা শাখা
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম পাহাড়তলী থানা শাখা

চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের মানববন্ধন: প্রথম আলো সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম পাহাড়তলী থানা শাখা। মানববন্ধন থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি, চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

আজ শুক্রবার নগরের সাগরিকা বিটাক মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের পাহাড়তলী থানা শাখার সভাপতি নিশান রায়। সাধারণ সম্পাদক শুভ দেবনাথের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন শাখার সাংগঠনিক সম্পাদক বর্ষা দেবনাথ, সহসাধারণ সম্পাদক দূর্বার দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স দাশ, সদস্য সুমন রহমান ও শ্রমিকনেতা নুরুচ্ছফা ভূঁইয়া।

বক্তারা বলেন, রাতের আঁধারে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়া হলো। এটি অত্যন্ত ন্যক্কারজনক একটি উদাহরণ। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই নানা প্রশ্ন উঠেছে। মূলত এটির ব্যবহার ও ধারা নিয়ে প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এটি একটি কালো আইন। এই কালো আইন প্রণয়ন করে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। সর্বশেষ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হলো। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

গত বুধবার ভোর চারটার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার পর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শামসুজ্জামানের। তুলে নেওয়ার পৌনে দুই ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়। এ মামলার বাদী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া। যদিও মামলার বিষয়টি জানা যায় বুধবার দুপুরের দিকে। তবে গতকাল তাঁকে কারাগারে পাঠানো হয় রমনা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা নতুন আরেকটি মামলায়। এই মামলা হয় তাঁকে তুলে নেওয়ার ১৯ ঘণ্টা পর গত বুধবার মধ্যরাতে।

রমনা থানার যে মামলায় শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে, সেই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে। এ মামলার বাদী হাইকোর্টের আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে শেয়ারের সময় ‘গ্রাফিক কার্ডে’ ছবির অমিলকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে মামলা দুটি করা হয়। যদিও ফেসবুকের ওই পোস্টে অসংগতি দ্রুতই নজরে পড়ে এবং তা সরিয়ে নিয়ে সংশোধনী প্রকাশ করা হয়। এই পোস্টকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের একাধিক মন্ত্রী ও নেতা প্রথম আলোর সমালোচনা করে আসছেন। একই সঙ্গে দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো কর্মসূচি পালন করছে।