রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সম্পাদক পরিষদের সদস্যরা। ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: বাসস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন–এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের ব্যাপারে খোঁজখবর নেন। সাক্ষাৎকালে সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় তাঁরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত সংযোগ এবং সমন্বয়ের ওপর জোর দেন।

গণমাধ্যম যেন একটি স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান সম্পাদক পরিষদের সদস্যরা। রাষ্ট্রপতি এ ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।