সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে: সুজন

সুশাসনের জন্য নাগরিক (সুজন)
সুশাসনের জন্য নাগরিক (সুজন)

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এই নাগরিক সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানান। তাঁরা মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানকে মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানান। বিবৃতিদাতারা বলেন, নিবর্তনমূলক বিভিন্ন আইনের জন্য সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা হরণের লক্ষ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা রকম নিবর্তনমূলক আইন প্রণয়ন করা হয়েছে এবং হচ্ছে। এসব আইনের জেরে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে। পাশাপাশি তাঁদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে।

বিবৃতিতে বলা হয়, রিপোর্টারস উইদাউট বর্ডারস আমাদের সরকারকে ‘গণমাধ্যমের স্বাধীনতার হরণকারী’ হিসেবে অভিহিত করেছে। তাদের সর্বশেষ সূচকে ১৮০টি দেশের মধ্যে ৩৬ দশমিক ৬৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৬২তম, যা আমাদের জন্য ভীষণ লজ্জাজনক।

বিবৃতিদাতারা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনে পরিবেশ তৈরি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে হওয়া মামলা তুলে নেওয়াসহ শামসুজ্জামানের দ্রুত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। একই সঙ্গে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো নিবর্তনমূলক আইনগুলো বাতিলেরও দাবি জানাচ্ছি।’