প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি

কেক কেটে ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী সনদ লাভ ও প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়। ঢাকা, ৩১ মে
ছবি: সংগৃহীত

স্থায়ী সনদ লাভ ও প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ)। বুধবার দুপুরে সাভারের বিরুলিয়ায় ইউনিভার্সিটির সেমিনারকক্ষে এ উপলক্ষে ‘মিট দ্য চেয়ারম্যান’ শিরোনামে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউনিভার্সিটির দীর্ঘ পথচলার চড়াই-উতরাই ও সাফল্য-ব্যর্থতার খতিয়ান তুলে ধরেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ আলী আজ্জমকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন। পরে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের আরও দুজন সদস্য ও সাবেক চেয়ারম্যান—আনোয়ার হোসেন চৌধুরী ও আবুল খায়ের চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার আবুল বাশার খান।