চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় নকল টয়লেট ক্লিনার ও কিচেন ক্লিনার তৈরির দায়ে এক ব্যক্তিকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় নকল টয়লেট ক্লিনার ও কিচেন ক্লিনার তৈরির দায়ে এক ব্যক্তিকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত

নকল পণ্য তৈরি করে ধরা, দুই মাসের কারাদণ্ড

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় তৈরি হচ্ছিল নকল টয়লেট ক্লিনার ও কিচেন ক্লিনার। ছয় মাস ধরে এই কাজে যুক্ত ছিলেন আবদুর রহমান নামের এক ব্যক্তি। ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়েছেন তিনি। তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে বহদ্দারহাটের শামসু কলোনিতে ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। সহায়তা করেন নগরের পাঁচলাইশ থানার পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুর রহমান ছয় মাস ধরে নকল টয়লেট ক্লিনার ও কিচেন ক্লিনার তৈরি করছিলেন। এসব নকল পণ্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দোকানে সরবরাহ করতেন। অভিযানে ৪০০ বোতল নকল টয়লেট ক্লিনার ও ২০০ বোতল নকল কিচেন ক্লিনার জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করা হয়।