
চট্টগ্রাম নগরের চকবাজার সিটি করপোরেশন কাঁচাবাজারে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আকারভেদে পাঙাশ মাছের কেজি ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৬৫ থেকে ১৮৫ টাকা। আজ শুক্রবার সকালে এ বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া যায়।
মাছের বাজারেই আজ ক্রেতাদের বেশি ভিড় দেখা যায়। বাজারে রুই ও কাতলা আকারভেদে ২৬০ থেকে ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লইট্টা মাছের কেজি ১৬০ থেকে ২৪০ টাকা। ছোট আকারের পোয়ার কেজি ১৭৫ থেকে ১৮৫ টাকা।
কয়েকজন মাছ বিক্রেতা বলেন, দাম কম হওয়ায় পাঙাশ-তেলাপিয়াই বেশি বিক্রি হচ্ছে।
মাছবাজারে কথা হয় বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ বোরহানের সঙ্গে। তিনি বলেন, বাজার ঘুরে তাঁর কাছে মনে হয়েছে, মাছের দাম কিছুটা কমেছে।
এক মাস আগে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল ব্রয়লার মুরগি। আজ ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে এ মুরগি বিক্রি হতে দেখা যায়। ব্রয়লার মুরগির দাম কমায় কয়েকজন ক্রেতা কিছুটা স্বস্তি প্রকাশ করেন। এ ছাড়া সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বাজারে কমেনি ব্রয়লার মুরগির ডিমের দাম। আজ প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে। বাজারে গরুর মাংসের দামও কমেনি। হাড়সহ প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। হাড় ছাড়া দাম পড়েছে ৮৫০ থেকে ৯০০ টাকা। খাসির মাংস প্রতি কেজি ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা।
এখন সবজির বাজার কিছুটা চড়া বলে জানান ক্রেতা-বিক্রেতা। বাজার ঘুরে দেখা যায়, ঢ্যাঁড়স প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, পটোল ৭০ থেকে ৭৫ টাকা, ঝিঙে ৮০ থেকে ৯০ টাকা, চালকুমড়া ৪৫ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি কেজি শসা ৩৫ থেকে ৪৫ টাকা, গাজর ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৪০ থেকে ৪৫ টাকা, টমেটো ২০ থেকে ২৫ টাকা, আলু ২০ থেকে ২২ টাকায় পাওয়া যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে পরিশোধিত খোলা চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাজারে এখনো তার প্রভাব পড়েনি। বাজারে প্রতি কেজি খোলা চিনি আজ ১০৮ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় চিনির দামের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এর প্রভাব আগামী রোববার থেকে বাজারে পড়বে বলে আশা করা যায়। নির্ধারিত দামে যাতে চিনি বিক্রি হয়, তা নিশ্চিতে বাজার তদারক করা হবে।
অন্যান্য নিত্যপণ্যের মধ্যে মানভেদে প্রতি কেজি ছোলা ৮০ থেকে ৯০ টাকা, মসুর ডাল ১০০ থেকে ১৩০ টাকা, প্যাকেটজাত আটা ৬৪ থেকে ৬৬ টাকা, প্যাকেটজাত ময়দা ৭৫ থেকে ৭৭ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৬ থেকে ১৮৭ টাকায় বিক্রি হচ্ছে।