
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।
কম্পিউটারের মনিটরে শুরু হয় আমার জন্মের গল্প। চারপাশে কেবল এলোমেলো রং, একটা কাঁচা ছবি, ছন্নছাড়া ফন্ট আর খবরের টুকরো শব্দ। এরপরই শুরু হয় আমার জন্মপ্রক্রিয়া। মনিটরের সামনে বসা মানুষটির আঙুলের ছোঁয়া, কি–বোর্ডের অবিরাম টাইপিং, মাউসের নড়াচড়া আর চোখের গভীর ক্লান্তি পেরিয়ে গড়ে উঠি আমি। একটা ফটোকার্ডকে খুব সাধারণ মনে হলেও, আমার জন্ম, আমার প্রতিটি রং, প্রতিটি অক্ষর আর ছবির প্রতিটি বাঁকে লেগে থাকে একজন মানুষের যত্ন, ভাবনা আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা।
জন্মের এই প্রথম অধ্যায়টি বড় অদ্ভুত তাড়াহুড়ায় ঘেরা। অনলাইনের দুনিয়ায় সময়ের কাঁটা তো সেকেন্ডের ঘরে ছোটে! কোনো একটা ব্রেকিং নিউজ আসামাত্রই ডিজাইনারের ডেস্কে শুরু হয়ে যায় নীরব যুদ্ধ। ঠিক কোন ছবিটা বেছে নিলে আমার ভেতরের বার্তাটা জীবন্ত হয়ে উঠবে? শিরোনামের কোন অংশটুকু পাঠকের চোখে সবার আগে ধরা পড়বে? অতটুকু জায়গার ভেতরে কীভাবে খবরের আসল নির্যাসটুকু নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সম্ভব? কোন রঙের প্রলেপ দিলে খবরটার গাম্ভীর্য আর ওজন ঠিকমতো রক্ষা পাবে? এই হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই ধীরে ধীরে রূপ পেতে শুরু করে আমার অবয়ব। কখনো একটা শব্দের জন্যও থমকে যায় আঙুল। কারণ, ছোট্ট একটা ভুল শব্দও যে বদলে দিতে পারে পুরো খবরের অর্থ!
কখনো কখনো সময় ফুরিয়ে আসে, অথচ ভুল করার বিন্দুমাত্র সুযোগ থাকে না। দ্রুত কাজ করতে গিয়েও নির্ভুলতা আর কালার টোন, ফন্ট সাইজ, ডিজাইন, রুচির সঠিক প্রয়োগ বজায় রাখতে হয়! মনিটরের দিকে তাকিয়ে থাকা মানুষটি যার হাত আর ব্রেন চলতে থাকে ঝড়ের গতিতে। পাশে রাখা চায়ের কাপটা কখন যে ঠান্ডা হয়ে যায়, সেদিকে খেয়াল করারও ফুরসত মেলে না। একটা ছবি বদলে ফেলতে হয়, অক্ষরের গ্যাপ একটু কমাতে বা বাড়াতে হয় কিংবা পুরো ডিজাইনটাই নতুন করে সাজাতে হয়। সব শেষ করে যখন মনে হয়, ‘নাহ্, এবার ঠিক আছে’, ঠিক তখনই হয়তো আসে আরেকটি সংশোধনের নির্দেশ। এই ছোট্ট অবয়ব নিয়ে জন্ম নেওয়ার পথেই কতবার কাটাছেঁড়া আর পরিমার্জনের ভেতর দিয়ে যেতে হয় আমাকে!
সেই মুহূর্তগুলোয় মানুষটিকে খুব কাছ থেকে দেখি আমি। কখনো তিনি একটু পেছনে হেলে বসেন, কখনো চোখ কচলে আবার ঝুঁকে পড়েন পর্দার দিকে। হয়তো ক্লান্তিতে একবার দীর্ঘশ্বাস ফেলেন, তবু আমার কোনো অসংগতি চোখ এড়ায় না তাঁর। শিরোনামটা আরেকটু স্পষ্ট হওয়া চাই, ছবির মানুষটির মুখ যেন আড়াল না হয়, কোথাও যেন ভুল বানান থেকে না যায়। আমার তো ব্যথা পাওয়ার শরীর নেই, তবু এই বারবার বদলে যাওয়ার ভেতর দিয়ে তাঁর ধৈর্যের স্পর্শটুকু অনুভব করি। বুঝতে পারি, আমাকে সুন্দর করার পাশাপাশি বিশ্বাসযোগ্য করে তোলার দায়ও বহন করছেন তিনি। তাই নিজের ক্লান্তির চেয়েও বড় হয়ে ওঠে আমাকে ঠিকভাবে পাঠকের সামনে পৌঁছে দেওয়ার তাগিদ।
আর এই নিখুঁত হয়ে ওঠার পথেই কখনো কখনো ঘটে যায় এক নিষ্ঠুর বিড়ম্বনা। আমার গায়ে থাকা লোগো, ফন্ট আর চেনা আদল নকল করে কিছু অসাধু চক্র বানিয়ে ফেলে আরেকটি ভুয়া কার্ড। সেখানে জুড়ে দেওয়া হয় মিথ্যা বা বানোয়াট তথ্য। দেখতে অবিকল আমার মতো হওয়ায় সাধারণ মানুষ মুহূর্তেই বিভ্রান্ত হন, বিশ্বাস করে বসেন এক অসত্য খবর। অথচ ওই জালিয়াতির সঙ্গে আমার জন্মদাতা ডিজাইনার বা পর্দার পেছনের মানুষগুলোর বিন্দুমাত্র সম্পর্ক থাকে না। এই ভুয়া রূপটি আমাকে ভেতর থেকে পুড়িয়ে মারে। যে চেহারা নিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে চেয়েছি, সেই চেহারাই যখন প্রতারণার হাতিয়ার হয়, তখন অসহায় লাগে। ইচ্ছা করে চিৎকার করে বলি, ওটা আমি নই! আমার পরিচয় নিয়ে কেউ আপনাদের ভুল পথে নিয়ে যাচ্ছে।
কিন্তু আমার তো নিজের হয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই। আবারও এগিয়ে আসতে হয় সেই মানুষগুলোকে। মিথ্যা তথ্যের বিপরীতে সত্যটা তুলে ধরতে হয়, পাঠকের ভুল ভাঙাতে হয়। তখন নতুন করে বুঝি, আমাকে তৈরি করার দায়িত্ব প্রকাশের সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যায় না। আমার পরিচয় আর বিশ্বাসযোগ্যতা আগলে রাখার লড়াইটাও তাঁদের। একটা ভুয়া কার্ড কত সহজে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, অথচ সেই সন্দেহ মুছতে কত যত্ন, কত ব্যাখ্যা প্রয়োজন হয়! তাই আমার সবচেয়ে বড় চাওয়া, পাঠক যেন শুধু চেনা রং আর লোগো দেখে বিশ্বাস না করেন; একটু থেমে খবরটির উৎসও যাচাই করেন। তাতেই হয়তো আমার আসল পরিচয়টুকু রক্ষা পায়।
জন্মপ্রক্রিয়া শেষে যখন আমি নিউজফিডে জায়গা করে নিই, সেটা আমার জন্য এক অপূর্ব অনুভূতি! কম্পিউটার স্ক্রিনের কাঁচা খসড়া থেকে বেরিয়ে আমি পৌঁছে যাই লাখো মানুষের চোখের সামনে। কেউ আমাকে দেখে খবরের গভীরে চলে যান, কেউ শেয়ার করেন, কেউবা মন্তব্যে জানান নিজের মতামত। তখন মনে হয়, আমার এই ছোট্ট পরিধি আর একটা ডেস্কের মনিটরে বন্দী নেই। দূরের কোনো পাঠক হয়তো ব্যস্ত দিনের ফাঁকে আমার দিকে তাকিয়েই জেনে নেন জরুরি একটি খবর। তাঁর ওই কয়েক মুহূর্তের মনোযোগও আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
আমার কোনো মুখ নেই, গলা নেই, তবু আমি কথা বলি। মাঠের সাংবাদিকের খবর সংগ্রহ, সহকর্মীর তথ্য যাচাই আর পর্দার আড়ালের মানুষগুলোর সম্মিলিত পরিশ্রমের এক দৃশ্যমান রূপ তো আমিই। পাঠক যখন স্ক্রল করতে করতে হঠাৎ আমার ওপর চোখ রেখে কয়েক সেকেন্ডের জন্য থামেন, তখনই আমার জন্ম সার্থক হয়। পাঠক হয়তো জানেন না, আমাকে নিখুঁত করে তুলতে কতবার এডিটের বোতাম টিপতে হয়েছে কিংবা উপযুক্ত ছবিটা খুঁজতে কতটা ভাবতে হয়েছে। তাতে কি? আমি তো জানি আমার পেছনের গল্পটা! জানি, আমার ছোট্ট শরীরজুড়ে কত মানুষের নিষ্ঠা আর শ্রমের ছাপ রয়েছে।
দিন শেষে হয়তো নতুন খবরের ভিড়ে আমি নিচে নেমে যাই। আমার জায়গায় আসে নতুন কোনো ফটোকার্ড, শুরু হয় আরেকটি জন্মের গল্প। তবু তাতে আমার আক্ষেপ নেই। যতক্ষণ পাঠকের সামনে ছিলাম, ততক্ষণ যদি সত্য একটি খবর পৌঁছে দিতে পেরে থাকি, সেটুকুই আমার সার্থকতা। ডিজাইনারের না-ঘুমানো রাত, নিখুঁত করে তোলার নাছোড়বান্দা জেদ আর সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হয়ে মানুষের খবরের ক্ষুধা মেটানোর এই যে যাত্রা—এটাই আমার আত্মকাহিনি। আমার নামের আড়ালে থেকে যান যাঁরা, এই গল্প তাঁদেরও।
* মো. মাহাফুজার রহমান: অনলাইন গ্রাফিকস ডিজাইনার, প্রথম আলো