বিভিন্ন আদালতে যৌতুকের ৪১ হাজার ৬৯৩টি মামলা

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

যৌতুক নিরোধ আইনের অধীন দেশের বিভিন্ন আদালতে ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে। এই হিসাব গত ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আইনমন্ত্রী আনিসুল হক আজ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও জানান, ঢাকা জেলায় যৌতুকের মামলার সংখ্যা সবচেয়ে বেশি, ৩ হাজার ৮৭৯টি। সবচেয়ে কম রাঙামাটি জেলায়, ১৬টি।

সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে

আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

আইনমন্ত্রী বলেন, জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে তারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এমন সন্দেহ হলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা সেসব জায়গায় যাচ্ছেন এবং এসব বিষয়ে বক্তব্য বা সুপারিশ রাখছেন। এসব বক্তব্য বা সুপারিশের মধ্যে সরকারের করণীয় কিছু থাকলে সরকার পদক্ষেপ নিচ্ছে।

সরকার জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয় উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে ব্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে। আমাদের দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ সৃষ্টি দেওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

পাঁচ বছরে দুই লাখ পদ সৃষ্টি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, গত ৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ২ লাখ ৮টি পদ সৃষ্টির বিষয়ে সম্মত হয়েছে সরকার। পদ সৃষ্টির প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়। পরবর্তী সময়ে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়। পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেওয়া হয়েছে।