
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে সীমানা দেয়ালের ভেতরের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গাউছিয়া কমিটির সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, হত্যার পর ওই তরুণীকে ডোবায় পুঁতে ফেলা হয়েছে। তাঁর চেহারা দেখে মনে হয়েছে, তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর।
সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের উপপরিদর্শক (এসআই) সামিউর রহমান প্রথম আলোকে বলেন, যেই ডোবায় তরুণীর লাশ পাওয়া গেছে, সেটিতে পানি নেই। পুরো ডোবা কাদায় ভর্তি। সকালে হাসপাতালের একজন মালি ঘাস কাটতে গিয়ে ডোবার কাদার মধ্যে তরুণীর একটি হাত দেখতে পান। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে কর্মকর্তারা পুলিশকে খবর দেন।
সামিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে কেউ ওই তরুণীকে খুন করে লাশ ডোবায় পুঁতে ফেলেছে। লাশটি পুঁতে ফেলার পর ওপরে কলমিলতা ছিটিয়ে দেওয়া হয়।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ওই তরুণীকে হাসপাতালের সীমানার ভেতরেই খুন করা হয়েছে। কারণ, অন্য কোনো জায়গা থেকে খুন করে হাসপাতালের সীমানার ভেতরে পুঁতে ফেলা সম্ভব নয়।
ওসি তোফায়েল আহমেদ বলেন, নিহত তরুণীর শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। তাই জখম রয়েছে কি না, তা স্পষ্ট নয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
পুলিশ সূত্র জানায়, হাসপাতাল এলাকায় একটি নার্সিং কলেজ রয়েছে। ঈদের আগে থেকেই সেটি বন্ধ থাকায় নিহত তরুণী নার্সিং কলেজের শিক্ষার্থী হওয়ার সম্ভাবনাও কম। তাঁর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি জানানো হয়েছে।