
বান্দরবান জেলায় বম জাতিগোষ্ঠীর সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটির ঢাকা শাখা।
বান্দরবানের রোয়াংছড়িতে ৮ মে এক আওয়ামী লীগ নেতাসহ বম জনগোষ্ঠীর তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁরা গোলাগুলিতে নিহত হয়েছেন, নাকি কোনো সশস্ত্র গোষ্ঠী গুলি করে হত্যা করেছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এর আগে রোয়াংছড়ির খামতাংপাড়া থেকে ৭ এপ্রিল গুলিবিদ্ধ আটজনের লাশ উদ্ধার করা হয়। তাঁরা সবাই বম জনগোষ্ঠীর। সেখানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) মধ্যে গোলাগুলি হয়েছিল বলে জানায় পুলিশ।
এ ছাড়া ২২ মার্চ রোয়াংছড়ি উপজেলায় থংচুল বম (৭৪) নামের এক কার্বারির (পাড়াপ্রধান) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা তাঁকে গুলি করে হত্যা করেছেন, সেটা পুলিশ জানাতে পারেনি।
সমাবেশে পিসিপি নেতারা বলেন, আমরা এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বান্দরবানে বম জাতিসত্তার ওপর একের পর এক হামলা ও হত্যার ঘটনা ঘটছে; কিন্তু সেখানকার প্রশাসন সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
তাঁরা বম হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন গ্রাম থেকে উদ্বাস্তু হওয়া বম, খিয়াং ও মারমাদের খাদ্য, আবাসন ও চিকিৎসা নিশ্চিতসহ অবিলম্বে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।
পিসিপির সভাপতি রেনল চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্ণব চাকমার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জাবির আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।