চট্টগ্রাম নগর মহিলা দলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল, কমিটি বাতিলের দাবি

চট্টগ্রাম নগর মহিলা দলের গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগর মহিলা দলের গঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা সমাবেশে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে মামলা, হামলার শিকার, কারা নির্যাতিত ও রাজপথের ত্যাগী নেতা-কর্মীদের পদবঞ্চিত এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঘোষিত পকেট কমিটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।’

এই নেত্রী আরও বলেন, কমিটি গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘোষিত কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি।

চট্টগ্রাম নগর মহিলা দলের সাবেক সহসভাপতি জেসমিনা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক আঁখি সুলতানা, সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা, মহিলা দলনেত্রী সায়মা হক, জিনাত রাজ্জাক, মর্জিনা খসরু প্রমুখ।

গত ৩০ মার্চ মনোয়ারা বেগমকে সভাপতি ও জেলি চৌধুরীকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর মহিলা দলের ১৩৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন দেন। কমিটি ঘোষণার পর অপর একটি অংশ পদত্যাগ করেন।