ওসিকে কনুইয়ের ধাক্কা, উপমন্ত্রীর দেহরক্ষী প্রত্যাহার

এএসআই সন্তু শীল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) জাহিদুল কবিরকে কনুইয়ের ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর দেহরক্ষী সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্তু শীল।

মঙ্গলবার ওই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে (ক্লোজড) চট্টগ্রামের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদসামগ্রী বিতরণ করতে নগরের পাথরঘাটার ফিরিঙ্গীবাজার এলাকায় যান চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় তাঁর পাশে ছিলেন ওসি জাহিদুল। একপর্যায়ে পেছনে থেকে বাঁ হাতের কনুই দিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেন এএসআই সন্তু শীল। সঙ্গে সঙ্গে উপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ওসি।

এ সময় এএসআই এবং ওসি তর্কে জড়ালে তাঁদের কক্ষের ভেতরে নিয়ে যান মহিবুল হাসান চৌধুরী। ঘটনার দিনই ওসি জাহিদুল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই সঙ্গে বিষয়টি নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানান।

কনুই দিয়ে ধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি জাহিদুল বলেন, বিষয়টি তিনি লিখিতভাবে ঊধ্বত৴ন কর্মকর্তাদের জানিয়েছেন। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ বিষয়ে কথা বলতে এএসআই সন্তু শীলের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
এদিকে এএসআই সন্তু শীলকে প্রশাসনিক কারণে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে জানিয়ে নগর পুলিশের উপকমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ প্রথম আলোকে বলেন, যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের এক কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, তদন্তকাজ চলছে।

পুলিশ সূত্র জানিয়েছে, এর আগেও এএসআই সন্তু শীলের বিরুদ্ধে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১৬ মে তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় জিডি করেছিলেন তৎকালীন ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। সোনার বার ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগও উঠেছিল সন্তু শীলের বিরুদ্ধে। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর ১০২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ এনে কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী। ওই ঘটনার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।