
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আইনজীবী মাহবুব উদ্দিন খোকনসহ ২৫ আইনজীবীর নামে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহকারী সুপার মো. রফিকউল্লাহ বাদী হয়ে এ হত্যাচেষ্টা ও চুরির মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও দেড় শ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ মামলায় কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।
মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর আঘাত, চুরি, শ্লীলতাহানি, ক্ষয়ক্ষতি ও সহায়তার অভিযোগ আনা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন —সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস (কাজল), বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. কায়সার কামাল, মোহাম্মদ আলী, গাজী কামরুল ইসলাম, শাহ আহমেদ (বাদল), মামুন মাহবুব, কাজী মোস্তাফিজুর রহমান, নূরে আলম সিদ্দিকী প্রমুখ।