মনে হয়, ওনারা নির্বাচন চান না: বিএনপিপন্থী আইনজীবীদের নিয়ে অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠকের সময় ও পরে বিএনপিপন্থী আইনজীবীদের কর্মকাণ্ড প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘মনে হয়, ওনারা নির্বাচন চান না। নির্বাচন চাইলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখার জন্য যাঁরা এসেছিলেন, তাঁদের সামনে এ ধরনের কাজ করতেন না।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে সোমবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এর আগে ১১ জুলাই সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সম্মেলনকক্ষে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল।

বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের নিচতলার প্রবেশপথের সামনে অবস্থান নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন। বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের নিচতলার প্রবেশপথ দিয়ে ইইউ প্রতিনিধিদলের বের হওয়ার সময়ও বিএনপিপন্থী আইনজীবীরা নানা স্লোগান দেন। প্রতিনিধিদলের সদস্যরা গাড়িতে উঠলে স্লোগানের পাশাপাশি গাড়ি ঘিরে ধরে মিছিল করেন তাঁরা।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা দেখার জন্য এসেছিল। তাদের সঙ্গে বসে কথা হয়। তখন তাঁরা (বিএনপিপন্থী আইনজীবী) নিচ থেকে চিৎকার দিচ্ছিলেন।...মনে হয়, ওনারা নির্বাচন চান না। নির্বাচন চাইলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেখার জন্য যাঁরা এলেন, তাঁদের সামনে এ ধরনের কাজ করতেন না। এখন তাঁরা এসব আরও বেশি করে করবেন, তাঁরা জানেন, নির্বাচনে গেলে পারবেন না। তাঁদের কোনো হাল নেই।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ২০১৮ সালে একটি আসনে তাঁরা তিনজনকে মনোনয়ন দিয়েছিলেন। যিনি বেশি টাকা দেবেন, সর্বশেষ তাঁকে মনোনীত করেন। এই বিষয়টি তাঁদের মাথায় আছে। এ জন্য হয়তো তাঁরা নির্বাচনে যাবেন না। গেলে তাঁরা এগুলো করতেন না। আরেকটি বিষয়, তাঁরা গণতন্ত্রের কোনো রীতিনীতি মানছেন না।

বিদেশিদের সামনে তাঁদের গাড়ি ঘিরে ধরে গাড়িতে ধাক্কা দেওয়া, লাফ দিয়ে উঠে যাওয়া—এটি কোনো সভ্য সমাজ অ্যালাউ (অনুমোদন) করে না।

বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. আবদুন নুর, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ মঞ্জুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। গিল্ডের সদস্যসচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বলা হয়, ল’ইয়ার্স সাইবার গিল্ড আইনজীবীদের সমন্বিত প্রয়াস, যা সাইবার–জগতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও গুজব মোকাবিলায় সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।