শার্শায় অকেজো এক জলকপাটে দুই নদীর ‘মৃত্যু’

বেতনা নদী ও হাকর নদের পানিপ্রবাহ ঠিক রাখতে বেতনা নদীর ওপর রাস্তা করে তৈরি করা হয়েছিল এই জলকপাট। যথাযথ ব্যবহার না করার ফলে নদ–নদী দুটি এখন মৃতপ্রায়। সম্প্রতি যশোরের শার্শা উপজেলায়
ছবি: প্রথম আলো

বেতনা নদীর দুই তীরের অন্তত ১৫০ ফুট মাটি দিয়ে ভরাট করে কালভার্টের মতো ৮ ফুটের একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণ করা হয়েছে। ওপর দিয়ে মানুষের চলাচলের রাস্তা। জলকপাটের দুই পাশের দুটি নদীর তলদেশ শুকিয়ে গেছে।

জলকপাটটির অবস্থান যশোরের শার্শার নারায়ণপুর গ্রামের ত্রিমোহিনী এলাকায়। জলকপাটের দক্ষিণ পাশে হাকর নদী ও উত্তরে বেতনা নদী। নদী দুটি নারায়ণপুর গ্রামে এসে মিলিত হয়েছে।

নারায়ণপুর গ্রামের বাসিন্দা ৭৮ বছর বয়সী কৃষক কৃষ্ণপদ সিংহ বলেন, ‘ছোটবেলায় আমরা বেতনা নদীতে প্রবল স্রোত দেখেছি। বৈশাখ মাসেও সাঁতার দিয়ে বা নৌকায় করে নদী পার হতে হয়েছে। এখন বেশির ভাগ সময় শুকনা থাকছে। হাকর নদের তীর দখল ও বেতনা নদীতে জলকপাট নির্মাণের কয়েক বছর পর থেকেই নদী দুটি মরতে শুরু করে।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর থেকে বেতনা নদী উৎপত্তি হয়ে শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যশোরের মনিরামপুর হয়ে সাতক্ষীরার কলারোয়ার ভেতর দিয়ে আড়পাংশিয়া নদীতে গিয়ে মিশেছে। দৈর্ঘ্য প্রায় ৯০ কিলোমিটার। এ ছাড়া হাকর নদ ভারতের ইছামতি নদী থেকে উৎপত্তি হয়ে শার্শার সাদিপুর অংশ দিয়ে বেতনায় গিয়ে মিশেছে। হাকর নদের পানির পুরোটাই যাতে বেতনা নদীতে প্রবেশ করতে না পারে, এ জন্য পাউবোর তত্ত্বাবধানে আশির দশকে শার্শার ত্রিমোহিনী এলাকায় বেতনা নদীর ওপরে জলকপাটটি নির্মাণ করা হয়। এখন ওই জলকপাটটি অকেজো অবস্থায় আছে।

৭৫ বছর বয়সী নারায়ণপুর গ্রামের কৃষক আবদুস সাত্তার বলেন, বেতনা নদী দিয়ে শার্শা উপজেলার শতাধিক গ্রামের বর্ষার পানি নিষ্কাষিত হয়। কিন্তু চিকন কালভার্টের মতো জলকপাটের কারণে এখন বর্ষায় পানি দ্রুত বের হতে পারে না। ফলে নদীর পানি দুই কূল ছাপিয়ে গ্রামের ঘরবাড়ি তলিয়ে যায়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), শার্শা কার্যালয়ে গিয়ে জানা গেল, জলকপাটটি নির্মাণ করেছে পাউবো। জানতে চাইলে শার্শার বিভিন্ন প্রকল্প দেখভালের দায়িত্বপ্রাপ্ত পাউবো যশোরের উপসহকারী প্রকৌশলী আসাফ উদ দৌলা বলেন, ‘ওই সময় নদী ও কৃষির উন্নয়নে গেটটি নির্মাণ করা হয়তো প্রয়োজন ছিল। ৫০ বছর পরের কথা ভেবে নদীতে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। কারণ, নদীর গতিপথ বুঝতে পারা কঠিন।’

নদী দুটি খনন ও জলকপাট অপসারণের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, বেতনা ও হাকরের প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। মৃতপ্রায় হাকর নদের ২৩ কিলোমিটারের মধ্যে বেনাপোল অংশের পাঁচ কিলোমিটারে খনন চলছে। অবশিষ্ট অংশের বেশির ভাগ মানুষের দখলে।

ওই অংশ দখলমুক্ত করার পর খননের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া একটি প্রকল্পের আওতায় বেতনার যশোর অংশের ৭৪ কিলোমিটার পুনঃখননের ব্যয় ধরা আছে। খননের সময় জলকপাট অপসারণ করে বেতনার পানিপ্রবাহ ঠিক করা হবে।